নিজস্ব সংবাদদাতা, আরএনবি : নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে শ্রীশ্রী মা সারদার ১৭৩তম জন্মতিথি। উত্তর কলকাতার বাগবাজারে সারদা মায়ের বাড়িতে সকাল থেকেই চলছে মঙ্গল আরতি, বিশেষ পূজা, হোম, বৈদিক মন্ত্রপাঠসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। ভোর থেকেই সেখানে ভক্তদের ভিড় উপচে পড়েছে।
১৮৫৩ সালের ২২ ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা। অল্প বয়সে রামকৃষ্ণদেবের সঙ্গে তাঁর বিবাহ হলেও জীবনের বড় অংশই কাটিয়েছেন জয়রামবাটিতে। মা সারদার জন্মভিটে জয়রামবাটিতেও বিশেষভাবে দিনটি পালন করা হচ্ছে। মাতৃমন্দিরে চলছে পূজা, আরতি, পাঠ ও সারদা মেলা। একইভাবে বেলুড় মঠ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সব কেন্দ্রেই যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মায়ের জন্মতিথি। দক্ষিণেশ্বরের সারদা মঠেও চলছে বিশেষ আচার অনুষ্ঠান।
মা সারদা অত্যন্ত সহজভাবে মানুষের জীবনের কঠিন সমস্যার পথ দেখিয়েছেন। প্রথাগত শিক্ষা না থাকলেও গভীর দর্শন, সরল ভাষায় ভগবততত্ত্বের প্রচার এবং সবার প্রতি মমত্ববোধ তাঁকে অনন্য করে তুলেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সকলকে নিজের সন্তান ভাবতেন এবং তাদের দুঃখ দূর করার চেষ্টা করতেন।
আজকের দিনটি রামকৃষ্ণ-সারদা ভাবধারায় বিশ্বাসী ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। দেশ-বিদেশের প্রতিটি রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ বিশেষভাবে দিনটি পালন করা হচ্ছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মা সারদার জন্মতারিখ ২২ ডিসেম্বর ১৮৫৩ হলেও, রামকৃষ্ণ মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি মেনে এই দিনটি পালিত হয়।
আজ সকালে প্রথমে রামকৃষ্ণদেবের আরতি, তারপর মাতৃমন্দিরে মায়ের মঙ্গলারতি দিয়ে দিনটির সূচনা হয়। ভোর পৌনে ৫টা থেকে শুরু হয়েছে বৈদিক মন্ত্রপাঠ। এরপর ভক্তিগীতি, বিশেষ পূজা, চণ্ডীপাঠ, মাতৃসঙ্গীতানুষ্ঠান ও মায়ের লীলাকথা পাঠ অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আবার আরতির পর ভক্তিগীতি হবে।
আজ তাঁর ১৭৩তম জন্মতিথি উপলক্ষে বাগবাজার, বেলুড় মঠ, জয়রামবাটি ও কামারপুকুরসহ সব কেন্দ্রেই ভক্তদের উচ্ছ্বাসে পূর্ণ ভক্তিময় পরিবেশ দেখা যাচ্ছে।

