সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, হাওড়া : ঘূর্ণিঝড় উইপহার শক্তি ক্ষয় হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে সেই সিস্টেমটি বর্তমানে ঘূর্ণাবর্ত হয়ে আছে। এবং সেটির প্রভাবে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সাগরে। এদিকে উপকূলীয় অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশার ওপরে থাকা উচ্চচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে আজ থেকে।
কলকাতা লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় আগামিকাল ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি আছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর , উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় অতিভারীর বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, ঝাড়গ্ৰাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে।
এদিকে পূর্বাভাস অনুযায়ী, ২৫ জুলাই , হাওড়া, হুগলি, কলকাতা,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরে
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। ঝাড়গ্ৰাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। এছাড়াও নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া বইতে পারে।তাই সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে।
এরপর ২৬ জুলাই হুগলি , বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্ৰাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। এবং ২৭ জুলাই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে। ২৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদে। এই কদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৯ এবং ৩০ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এদিকে গতকাল কলকাতার ৩৫ ডিগ্রি সেলসিয়াস সবোর্চ্চ তাপমাত্রা ছিল, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। আজ শহরের সর্বোচ্চ পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি। এরপর থেকে ২৮ জুলাই পর্যন্ত কলকাতায় সর্বোচ্চ পারদ ২৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে। এরপর ২৯ জুলাই ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে যেতে পারে। আর এই ক’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে।

