নিজস্ব সংবাদদাতা,আরএনবি :
বাংলা থেকেই সূচনা,আর তার ঢেউ ছড়িয়ে পড়ল গোটা দেশে।পুরানো রাজভবন নামে আর পরিচিত নয়,আজ থেকে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজভবনের নতুন নাম হল লোকভবন।আর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
শনিবার কলকাতার গভর্নর হাউস থেকে এ কথা ঘোষণা করেন সি ভি আনন্দ বোস। তাঁর বক্তব্য, “রাজভবনের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সমস্যার সমাধান করা। তাই এই ভবনের পরিচয়ও হওয়া উচিত জনমানুষের নামে,ক্ষমতার নয়।”
আজকেই বাংলায় প্রথম কার্যকর হয় এই নাম পরিবর্তন।নতুন নামকরণ উপলক্ষে রাজ্যপাল নিজেই উদ্যোগ নেন ফলক বদলের কাজে।নিজের হাতে রাজভবন লেখা পুরনো বিভিন্ন সাইনবোর্ড সরিয়ে লোকভবন লেখা নতুন ফলক স্থাপন করেন তিনি।
উল্লেখযোগ্যভাবে,দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজভবনকে আরও জনমুখী করার পথে হেঁটেছেন সি ভি আনন্দ বোস।প্রশাসনিক গৃহে সাধারণ মানুষের প্রবেশাধিকার চালু করা,অভিযোগ গ্রহণের আলাদা ব্যবস্থা,এবং সাময়িকভাবে ভবনের নাম লোকভবন রাখার মতো পদক্ষেপও তাঁর আমলেই হয়েছে।
নাম পরিবর্তনের পর এ দিন রাজ্যপাল ভ্রমণ করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর।সেখানে শিশুসহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।কচিকাঁচাদের হাতে লজেন্স তুলে দিয়ে তাঁদের মুখে হাসি ফোটান।পরবর্তীতে লোকভবনের নাম পরিবর্তনের কারণ সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করেন।
বিকেলের লোকভবনে ফিরে আনুষ্ঠানিকভাবে ভবনের নতুন নাম ফলক উদ্বোধন করেন তিনি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজভবনের আধিকারিক,সাধারণ মানুষ এবং শিশুরাও।
এখন প্রশ্ন উঠতেই পারে হঠাৎ করে কেনো এই বদল?শক্তির প্রতীক হিসাবে নয়,এটি জনতার আশ্রয়,জনগণের কাছে এই বার্তা দিতেই নাম পরিবর্তন।সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার সমাধানের জায়গা হিসেবেই নতুন পরিচয়।বাংলা থেকে শুরু করে একই দিনে পুরো দেশজুড়ে একযোগে এই কার্যক্রম নীতিগত গুরুত্বকে আরও উজ্জ্বল করে তুলেছে জনসাধারণের কাছে।

