নিজস্ব সংবাদদাতা,আরএনবি: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার মাণিককুণ্ড গ্রামে ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা।মৃত্যুর পরও সন্তানকে বুকে আগলে রাখলেন এক মা।সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটতেই শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকায়।
জানা গিয়েছে,মৃতার নাম পিউ মালস বয়স(২৪)।তাঁর স্বামী স্নেহাশিস মালস স্থানীয় থানার সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত। এদিন সকালে স্ত্রী ও তিন বছরের সন্তানকে নিয়ে বাইকে করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।পথে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা।
রাস্তায় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎই পিউ দেবীর শাড়ি লরির হুকে আটকে যায়।মুহূর্তের মধ্যেই তিনি বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।এরপর লরির চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।
তবে আশ্চর্যের বিষয়,মায়ের কোলের তিন বছরের শিশুটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান,দুর্ঘটনার পরও মায়ের নিথর দেহের কোলেই বসে ছিল শিশুটি, মুখে বিভ্রান্তি, চোখে ভয়।সেই দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে জল এসে যায়। দেখে মনে হচ্ছিল,মৃত্যুর পরও যেন নিজের সন্তানের সুরক্ষা দিতে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে শক্ত করে জড়িয়ে রেখেছিলেন মা।
স্থানীয় এক বাসিন্দার কথায়,“এ যেন মায়ের ভালোবাসার প্রকৃত প্রতিচ্ছবি।যে নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেছেন তিনি।”
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।স্বামী স্নেহাশিস মালস শারীরিকভাবে অক্ষত থাকলেও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে।

