পায়েল পাখিরা,হাওড়াঃ- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুনিয়েছেন । কলকাতা বিমানবন্দরে দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই ইস্যুতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
অভিষেকের দাবি, বিহারে এমন উদাহরণ সামনে এসেছে যেখানে একটি কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি করে ভোটার কার্ড বানানো হয়েছে। এমনকি সেখানে ‘বাবার নাম’ অংশে লেখা হয়েছে ‘কুত্তাবাবু’। এই ধরনের নথি ব্যবহার করেই ভোটার তালিকায় নাম তোলা সম্ভব হচ্ছে, যা এসআইআরের মাধ্যমে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলেই তাঁর অভিযোগ।
তাঁর কথায়, এসবই বিজেপিকে নির্বাচনের আগে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অপচেষ্টা। তিনি বলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির ইশারাতেই কাজ করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই সময় শীতলকুচিতে একজন নিরস্ত্র ভোটারকে গুলি করে হত্যা করা হয়েছিল, অথচ রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব ছিল কমিশনের হাতে। তখন আট দফায় ভোট করানোর যুক্তিও আজও অস্পষ্ট রয়ে গেছে বলে অভিষেকের মন্তব্য।
তাঁর আরও অভিযোগ, এসআইআরের নামে বাঙালিদের নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা ও বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলা একাধিক নোবেলজয়ী ও স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে দেশের ইতিহাসে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বাংলাকে ছোট করে দেখার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই তিনি মনে করেন।
সবশেষে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও জানান অভিষেক। তাঁর মন্তব্য, সংবিধান লঙ্ঘন করে যারা নাগরিক অধিকার হরণ করছে, তাদের নেতৃত্বে থেকে দেশ চালানোর নৈতিক অধিকার নেই।

