নিজস্ব সংবাদদাতা,আরএনবি : ফের নারী নির্যাতনের সাক্ষী থাকল বিজেপি শাসিত ওড়িশা। ভুবনেশ্বরের অশোকনগর এলাকায় শুক্রবার রাতে ঘটে গেল এক নৃশংস ঘটনা ।অভিযোগ , ভিন রাজ্যের এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ।ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারে প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে ছিল কিশোরী। শরীরজুড়ে ছিল একাধিক আঘাতের চিহ্ন। প্রথমে স্থানীয়রা তাঁকে মানসিক ভারসাম্যহীন ভেবে গুরুত্ব দেননি। পরে কয়েকজন অটোরিকশা চালক মেয়েটিকে উদ্ধার করে ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে, কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন,তবে অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের মতে, মেয়েটির উপর “নির্মম অত্যাচার” চালানো হয়েছে এবং তার মানসিক অবস্থাও ঠিক নেই। আতঙ্কে সে প্রথমে কিছুই বলতে পারছিল না।
পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ঝাড়খণ্ডের বাসিন্দা। তার কাছে কোনো মোবাইল বা পরিচয়পত্র কিছুই পাওয়া যায়নি। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ধর্ষণের মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
ভুবনেশ্বর পুলিশ কমিশনার এস দেবদত্ত সিং জানিয়েছেন, “ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নির্যাতিতার সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের কাছাকাছি সিসিটিভি ফুটেজ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”

