পায়েল পাখিরা, হাওড়া:- বিধানসভা নির্বাচন সামনে রেখে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ভাতা বাড়বে কি না, তা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে রাজ্যের ২৫ বছর বা তার বেশি বয়সী মহিলারা আজীবন এই ভাতার সুবিধা পাবেন।
সম্প্রতি বীরভূমে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই প্রকল্পে কোনও কঠিন শর্ত বা সীমাবদ্ধতা রাখা হয়নি। যেখানে অনেক রাজ্যে এক পরিবারের মাত্র একজন মহিলা এই ভাতা পান, সেখানে বাংলায় পরিবারের সমস্ত যোগ্য মহিলা সদস্যরা এই প্রকল্পের আওতায় আসেন।
প্রসঙ্গত, ২০২১ সালে এই প্রকল্প চালু হয়, যার শুরুতে ভাতার অঙ্ক ছিল মাসে ৫০০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০০০ টাকায়। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পান মাসে ১২০০ টাকা। অর্থাৎ, বছরে সাধারণ শ্রেণির মহিলারা পান ১২ হাজার টাকা, আর তফসিলি শ্রেণির মহিলারা পান ১৪ হাজার ৪০০ টাকা।
এই প্রকল্প নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র টানাপোড়েন দেখা গেছে। মহিলাদের জন্য এই ভাতা প্রকল্পের কৃতিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল ও বিজেপির মধ্যে চলেছে চাপানউতোর। অন্যদিকে, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচনে দেখা গেছে, মহিলা ভাতা পরিকল্পনা রাজনৈতিকভাবে কার্যকর হয়েছে। সেই পটভূমিতে অনেকেই মনে করছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিমাণ আরও বাড়ানো হতে পারে।

