নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বালুরঘাটের অনেকদিন ধরেই চোলাই মদের ব্যবসা চলছে। মহিলাদের অভিযোগ, এলাকার একাধিক বাড়িতে চোলাই মদ তৈরি হচ্ছে। কয়েকদিন আগে রাহুল সিং নামে এক যুবকের মৃত্যু হয়। পরে জানা যায়, তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন এবং অতিরিক্ত মদ খাওয়ার জন্যই তাঁর মৃত্যু হয়েছে। অভিযোগ, গত এক বছরে চোলাই মদ খেয়ে চার-পাঁচ জনের মৃত্যু হয়েছে।
এই পরিস্থিতিতে এলাকার মহিলারা পুলিশ ও আবগারি দপ্তরে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর রবিবার বালুরঘাট থানার পুলিশ এবং আবগারি দপ্তর তুরিপাড়ায় অভিযান চালায়। অনেক বাড়িতে গিয়ে তারা চোলাই মদ নষ্ট করে দেয় এবং মদ তৈরির জিনিসপত্র ফেলে দেয়।
স্থানীয় মহিলাদের দাবি, এলাকায় আর কোনওভাবেই মদ তৈরি বা বিক্রি করা যাবে না।
লক্ষ্মী মহন্ত নামে এক মহিলা বলেন, “অনেক বছর ধরে এটা চলছে। এবার আমরা এক হয়ে এটা বন্ধ করার চেষ্টা করছি।”
অন্য এক মহিলা, প্রিয়াঙ্কা সিং বলেন, “পুলিশ সব দেখে গেছে। আবার যদি এ রকম হয়, পুলিশ কড়া ব্যবস্থা নেবে। আমরা প্রতিবাদ করায় আমাদের হুমকি দেওয়া হচ্ছে।”
এ দিনের একটি অভিযানে পতিরাম থানার খাঁপুর এলাকায় পুলিশ প্রায় ২,৫০০ লিটার চোলাই মদ এবং তৈরির উপকরণ নষ্ট করে। থানার ওসি সৎকার সাংবো-সহ বড় পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

