পূজা মাজী,নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উত্তর ২৪ পরগনার বাগদায় এক চমকপ্রদ ঘটনা ঘটে গেল। একই বাড়ির দুই স্ত্রীকে নিয়ে হঠাৎ করেই চম্পট দিয়েছে এক যুবক। অভিযোগ, চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে তিনি শ্বশুর-শাশুড়ি ও তাদের তিন সন্তানকে অচেতন করে পালিয়েছেন। এই ঘটনা ঘটেছে মালিদা গ্রামের একটি বাড়িতে। পরিবারের দাবী, ওই যুবক আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে দুই বউের সম্পর্ক ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আনিসুর শেখ বাড়িতে ফেরেন। সেখানে তিনি দেখতে পান তার বাবা-মা এবং তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরিবারের দাবি, চায়ের সঙ্গে কোনো ওষুধ মিশিয়ে আরিফ মোল্লা তাদের অচেতন করে পালিয়ে গেছেন।
ঘটনার বিবরণে আনিসুর শেখ বলেন, “এর আগেও আরিফ আমার স্ত্রী ও বড় বৌদিকে নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু বাচ্চাদের কথা ভেবে তাদের ফিরিয়ে আনা হয়েছিল। এবার চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে বাবা-মা এবং আমাদের তিন সন্তানকেও অচেতন করে নিয়ে গেছে। আমি চাই আরিফের যথাযথ ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
স্থানীয়রা জানান, আরিফ মোল্লার সঙ্গে আনিসুর পরিবারের দুই স্ত্রীর দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। এ ঘটনায় গ্রামের সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর তাদের খোঁজে অভিযান শুরু হয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীকে দ্রুত গ্রেফতার করতে সব রকম চেষ্টা চলছে।
স্থানীয় সমাজকর্মী ও প্রতিবেশীরা সতর্ক করেছেন, “এ ধরনের ঘটনা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই পরিবার ও নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা জোরদার করা জরুরি।”
এদিকে, এই ঘটনার পর বাগদা এলাকায় নিরাপত্তা বাড়ানোর এবং পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে এলাকাবাসী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

