পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা ও একসময়ের বিজেপি নেতা জয় ব্যানার্জি সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। দীর্ঘ কয়েক দিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শেষমেশ সোমবার সকালেই সব শেষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর আকস্মিক প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জীবনে সাফল্যের সঙ্গে পথ চলেছেন জয় ব্যানার্জি। ‘চাঁদের বাড়ি’, ‘মন দিলে’ ও ‘তুমি এলে তাই’–এর মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় দর্শকমনে চিরস্থায়ী ছাপ ফেলেছে। অভিনয় জগতের বাইরে গিয়ে ২০১৪ সালের আগে রাজনীতিতে পা রাখেন তিনি। যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বীরভূম থেকে বিজেপির প্রার্থী হিসেবে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও সেবার তাঁকে পরাজিত হতে হয়।
পরবর্তীতে ২০১৯ সালে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকেও তাঁকে প্রার্থী করে বিজেপি, কিন্তু সেবারও জয়লাভ করতে পারেননি তিনি। ধীরে ধীরে দলের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে আসে। রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং নানা সময়ে তিনি দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন।
জয় ব্যানার্জি প্রয়াণে বাংলা সিনেমা ও রাজনীতির অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল। তাঁর স্মৃতি ও কাজ আজও দর্শকমনে অম্লান থাকবে।

