পায়েল পাখিরা, হাওড়া:- প্রতিবছর বর্ষা এলেই এক ভয়ংকর চিত্র সামনে আসে—বন্যা, নদীভাঙন আর মানুষের দুর্ভোগ। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) থেকে হঠাৎ জল ছেড়ে দেওয়ার কারণে অনেক এলাকায় সৃষ্টি হয় আকস্মিক ও ভয়াবহ বন্যা। এতে তলিয়ে যায় ঘরবাড়ি, নষ্ট হয় ফসল, ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ—যারা প্রতিবারই সর্বস্ব হারান।
নদীর পাড়ে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের অভিযোগ—প্রতিবার তারা ক্ষয়ক্ষতির মুখে পড়লেও কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় না। শুধু আশ্বাস, কিন্তু বাস্তব পরিবর্তন নেই। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে প্রশাসনিক অবহেলা—এই দুইয়ের চাপে সাধারণ মানুষের জীবন হয়ে উঠে অসহনীয়।
বন্যা যেন এখন শুধুই একটি প্রকৃতিক বিপর্যয় নয়, বরং একটি পুনরাবৃত্ত সামাজিক সংকট। সময় এসেছে এর টেকসই সমাধানের। পরিকল্পিত নদীশাসন, ডিভিসির সঙ্গে আন্তর্জাতিক সমন্বয়, এবং আগাম সতর্কবার্তার বাস্তব প্রয়োগ না হলে, এই মানবিক বিপর্যয় থামবে না। প্রতিবছরই আমরা দেখব নতুন করে হারানোর গল্প।

