নিজস্ব সংবাদদাতা, আরএনবি: “বন্দেমাতরম”এই শব্দই একদিন জাগিয়ে তুলেছিল সমগ্র জাতিকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠ কেবল একটি উপন্যাস নয়, এটি ভারতের স্বাধীনতার প্রেরণার উৎস। ১৮৭৫ সালে রচিত ও পরবর্তীতে প্রকাশিত বন্দে মাতরম গানটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীর সাহস ও আত্মমর্যাদার প্রতীক। এই গানেই প্রতিধ্বনিত হয়েছে মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা, ত্যাগ ও আত্মোৎসর্গের আহ্বান।
আজ, বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তিতে গোটা দেশ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই ঐতিহাসিক মুহূর্তকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পালিত হচ্ছে এই সার্ধশতবর্ষ উদ্যাপন। সেখানে প্রতিধ্বনিত হচ্ছে একই আহ্বান “মা তুই মহান, মা তুই শক্তি, মা তুই জীবন।”
বঙ্কিমচন্দ্রের সেই কালজয়ী রচনা কেবল অতীতের গৌরব নয়, বর্তমান ভারতের ঐক্য, আত্মবিশ্বাস ও জাতীয় গৌরবের প্রতীক হয়ে আছে। বন্দে মাতরম আমাদের শেখায়, মাতৃভূমির সেবা ও স্বাধীনতার চেতনা কখনও ম্লান হয় না। দেড়শো বছর পেরিয়ে আজও এই গান হৃদয়ে জাগায় নতুন আলো, নতুন শক্তি যা আমাদের এগিয়ে নিয়ে যায় আত্মনির্ভর ও গৌরবান্বিত ভারতের পথে।

