পায়েল পাখিরা, হাওড়া:- নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রশাসনিক ও সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, রাজ্যের প্রতিটি অনুমোদিত দুর্গাপূজা কমিটিকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এই সিদ্ধান্তে রাজ্যের হাজার হাজার পূজা কমিটি উপকৃত হবে, বিশেষত ছোট ও মাঝারি আয়োজক সংস্থাগুলি। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এই উৎসব রাজ্যের বহু মানুষের জীবিকা নির্ভর করে।”
তিনি আরও জানান, পুলিশ ও প্রশাসনের সঙ্গে সহযোগিতায় যেন পূজাগুলি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও পূজা কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় পূজা উদ্যোক্তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের এই ভূমিকা রাজ্যে সামাজিক সৌহার্দ্য ও অর্থনৈতিক সক্রিয়তা আরও বাড়িয়ে তুলবে বলেই মত বিশ্লেষকদের।

