ডালিয়া বর, নিজস্ব সংবাদদাতা, কলকাতা:উত্তর-পূর্ব দিল্লির একটি সরকারি হাসপাতালে ‘মদ্যপ ও অচৈতন্য অবস্থায়’ ভর্তি এক মহিলাকে অন্য এক রোগী যৌন নির্যাতন করেছিল বলে অভিযোগ উঠেছিল। রিপোর্ট অনুযায়ী, উত্তর-পূর্ব দিল্লিতে একাই থাকতেন বছর কুড়ির ওই নির্যাতিতা তরুণী। গত সপ্তাহে প্রতিবেশীরা তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে ভর্তি করান।সেই ঘটনায় কয়েকদিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাঁর মৃত্যুর সঙ্গে যৌন নির্যাতনের কোনও সম্পর্ক নাও থাকতে পারে।
সেখানে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে তিনি নেশাগ্রস্ত ছিলেন। এই পরিস্থিতিতে মৃত্যুর তদন্তে নেমে উত্তর-পূর্বাঞ্চলের ডিসিপি আশিস মিশ্র জানিয়েছেন, ময়নাতদন্তের উপর নির্ভর করছে পুলিশের পরবর্তী পদক্ষেপ।
এদিকে গত সোমবার হাসপাতালের কর্মীরা পুলিশকে খবর দেন যে একই ওয়ার্ডে এক পুরুষ রোগী সেই তরুণীকে যৌন হেনস্থা করেছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এদিকে যৌন হেনস্থার ঘটনায় দিল্লির কাচ্চি খাজুরির বাসিন্দা মহম্মদ ফৈয়াজকে গ্রেফতার করা হয়েছে।
পরে বুধবার ওই মহিলাকে জিটিবি হাসপাতালে রেফার করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য মৃতদেহের রিপোর্টের অপেক্ষায় আছে তারা। রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিউ উসমানপুর থানায় দায়ের করা হয়েছে।

