পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, হাওড়া:- শুক্রবার দুপুরে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) দামোদর নদীতে প্রায় ৫৫,০০০ কিউসেক জল ছাড়ে। এরপর শনিবার সন্ধ্যায় ফের জল ছাড়া হয়, যার পরিমাণ ছিল প্রায় ৬০,০০০ কিউসেক। টানা জল ছাড়ার ফলে দামোদর নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এর প্রভাবে নদীর দুই তীরের একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়ে।
জলস্তর বৃদ্ধির জেরে নদী সংলগ্ন বহু গ্রামে ঢুকে পড়ে নদীর জল। অনেক জমি জলমগ্ন হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষবাস। বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে বাধ্য হয়েছেন বহু মানুষ। প্লাবিত এলাকায় নৌকা ও ত্রাণের মাধ্যমে প্রশাসন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টির কারণে জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই অতিরিক্ত জল ছাড়া হয়েছে। পরিস্থিতি নজরে রাখছে জেলা প্রশাসন। তবে আরও জল ছাড়া হলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে এই আকস্মিক বন্যায়। প্রশাসনের তরফে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

