অমিত মাজি, ডায়মন্ড হারবার: আজ ১৬ ডিসেম্বর ২০২৫, ঐতিহ্যবাহী ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন -এর ১৫৯তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা, গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাফল্যের সঙ্গে উদ্যাপিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র পতাকা উত্তোলনের মাধ্যমে। এর পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। সংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে এবং উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
এই গৌরবময় অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের মাননীয় বিচারকবৃন্দ। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশনের সম্মানীয় সদস্য ও সদস্যাবৃন্দ, পাশাপাশি সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
দীর্ঘ ১৫৯ বছরের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনজীবী সমাজের ঐক্য সুদৃঢ়করণ এবং পেশাগত নৈতিকতা ও মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠা দিবস সেই ঐতিহ্য, দায়িত্ববোধ ও পেশাগত অঙ্গীকারকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।
সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল মহল সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

