নিজস্ব সংবাদদাতা,আরএনবি: পশ্চিমবঙ্গে বর্তমানে ভয়,দুর্নীতি ও কুশাসনের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করল বিজেপি। দলের নেতাদের দাবি,তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনে রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা,দুর্নীতি ও অনুপ্রবেশ বেড়েছে।যার ফলে সাধারণ মানুষ ক্রমশ উদ্বিগ্ন।
বিজেপির বক্তব্য,অনুপ্রবেশ একটি গুরুতর জাতীয় নিরাপত্তা ও সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে বলেও অভিযোগ।অমিত শাহের দাবি, ক্ষমতায় এলে “খুঁজে খুঁজে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
দলের দাবি,তৃণমূল সরকারের দুর্নীতির কারণেই বাংলায় উন্নয়ন কার্যত থমকে রয়েছে।শিল্প, কর্মসংস্থান ও পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য পিছিয়ে পড়েছে বলে অভিযোগ বিজেপির।তাদের মতে,কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নেও রাজ্য সরকার বাধা সৃষ্টি করছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতৃত্বের বার্তা বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে।বিজেপির দাবি, রাজ্যের মানুষ এখন তৃণমূল সরকারের কুশাসন থেকে মুক্তি চায় এবং বিকল্প হিসেবে বিজেপির দিকেই তাকিয়ে রয়েছে।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এক “নতুন বাংলা” গড়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। দলের নেতাদের বক্তব্য, জাতীয়তাবাদ,সুশাসন ও স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে বাংলাকে উন্নয়নের পথে ফেরানোই তাদের মূল লক্ষ্য।সব মিলিয়ে,বিজেপির দাবি অনুযায়ী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন অনিবার্য এবং সেই নির্বাচনের মাধ্যমেই বাংলায় বিজেপির সরকার গঠিত হবে।

