নিজস্ব সংবাদদাতা, আরএনবি: পুরুলিয়া জেলার এক ঐতিহ্যবাহী নৃত্য হলো ছৌ।এই নৃত্যকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন কাশীপুরের খ্যাতনামা ছৌ শিল্পী সুনীল কুমার মাহাতো।তিনি নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমানে কাশীপুর এলাকায় প্রায় ১৫ জন যুবককে নিয়মিত ছৌ নৃত্যের প্রশিক্ষণ দিচ্ছেন।
শুধু প্রশিক্ষণই নয়,তিনি ‘কালাঝোর রাজলক্ষ্মী গণ ছৌ-নৃত্য পার্টি’ নামে একটি নিজস্ব নৃত্যদলও গড়ে তুলেছেন।এই দলে কাশীপুরের প্রায় ২০ জন যুবক নিয়মিত ছৌ নৃত্যে অংশগ্রহণ করছেন।ইতিমধ্যেই তাঁরা দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান করে প্রশংসা কুড়িয়েছেন।
কাশীপুরের কালাঝোরের বাসিন্দা সুনীল কুমার মাহাতো বলেন, “ছোটবেলা থেকেই ছৌ নৃত্যের প্রতি আমার গভীর ভালবাসা।আমাদের পরিবার প্রায় ৭০ বছর ধরে। বংশপরম্পরায় এই নৃত্য চর্চা করে আসছে।তাই ছৌ আমার কাছে শুধু পেশা নয়,নেশা।”
তিনি আরও জানান,ভবিষ্যতে ছৌ নৃত্যকে কীভাবে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া যায়,সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর স্বপ্ন,পুরুলিয়ার এই হারিয়ে যাওয়া ছৌ নৃত্যকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়া।সেইভাবে যদি সরকারি সহযোগিতা পাওয়া যায়,তাহলে তিনি একদিন না একদিন সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন।

