পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি পদে কে বসবেন, তা নির্ধারিত হবে আজকের নির্বাচনে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক এই পদে লড়াইয়ে রয়েছেন দু’জন বিশিষ্ট ব্যক্তি। শাসক এনডিএ জোটের প্রার্থী মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন, আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তরফে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি।
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের দুই কক্ষ- লোকসভা ও রাজ্যসভার মোট ৭৮১ জন সংসদ সদস্য। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন উপরাষ্ট্রপতি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেক সাংসদ ভোট প্রদান করেছেন। সন্ধ্যার মধ্যেই ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
সি পি রাধাকৃষ্ণনের রাজনৈতিক জীবন দীর্ঘ এবং বহুমাত্রিক। তিনি লোকসভার সদস্য হিসেবে কাজ করেছেন, পরে রাজ্যপালের দায়িত্বও সামলেছেন দক্ষতার সঙ্গে। তাঁর অভিজ্ঞতা ও প্রশাসনিক জ্ঞান তাঁকে এই পদে এনডিএ’র পছন্দের প্রার্থী করে তুলেছে।
অন্যদিকে, বিরোধীদের প্রার্থী বিচারপতি সুদর্শন রেড্ডি আইনজগতের এক পরিচিত মুখ। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তাঁর ন্যায়বিচার ও নিরপেক্ষতার পরিচয় রয়েছে। বিরোধী শিবির মনে করে, সংসদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য একজন অভিজ্ঞ বিচারপতি এই পদে থাকলে গণতন্ত্র উপকৃত হবে।
ভারতের উপরাষ্ট্রপতি কেবলমাত্র সাংবিধানিক পদেই সীমাবদ্ধ নন, তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদের শৃঙ্খলা, বিতর্কের গতি ও ভারসাম্য রক্ষা করার জন্য এই পদে একজন বিচক্ষণ ও নিরপেক্ষ ব্যক্তিত্বের প্রয়োজন।
আজকের ভোটের ফলাফলের দিকেই নজর দেশের রাজনৈতিক মহলের। অভিজ্ঞ রাজনীতিক নাকি অভিজ্ঞ বিচারপতি- কে বসবেন উপরাষ্ট্রপতির আসনে, তা ঠিক হবে সাংসদদের রায়ের মাধ্যমে। দেশের গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে সবার চোখ এখন সংসদের দিকে।

