বুদ্ধদেব মন্ডল: গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি নিতাই মন্ডলের স্থাপিত এলাকায় শিক্ষার ভিত্তিপ্রস্তর শেষপর্যন্ত মহীরুহে পরিণত হওয়া কানুপাট পল্লীমঙ্গল হরেন্দ্র শিক্ষায়তনের প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপিত হলো।
প্রভাতী অনুষ্ঠানে পতাকা উত্তোলন,বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিদ্যালয় পার্শ্ববর্তী গ্রাম পরিক্রমা,বিপ্লবী হরেন্দ্রনাথ ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও বিদ্যালয় প্রতিষ্ঠাতাগণের স্মৃতিস্তম্ভে মাল্যদান করার পর দুপুর ২ টোয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ।প্রাক্তন ছাত্রছাত্রী,শিক্ষক – শিক্ষিকা,শিক্ষানুরাগী মানুষজন ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আদর্শ চরিত্র গঠনে মহাপুরুষগণের জীবন ও বাণী,বিজ্ঞান শিক্ষা ও বিজ্ঞান মনস্কতা বিষয়ক আলোচনা ছাত্রছাত্রীদের উজ্জীবিত করে তোলে। এলাকার মহাবিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকাগণের শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ পোড়েল বিদ্যালয়টিকে সবদিক থেকে সমৃদ্ধ করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

