মিতা জানা , নিজস্ব সংবাদদাতা,আরএনবি : কল্যাণচক, ২১ সেপ্টেম্বর,
এই বছর কল্যাণচক দক্ষিণ পাড়া বালক সংঘের দুর্গাপুজো সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করলো। পঞ্চাশ বছরের এই গর্বিত যাত্রাকে স্মরণীয় করে রাখতে আজ মহালয়া উপলক্ষ্যে সংঘের পক্ষ থেকে এক বর্ণাঢ্য ও বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় অংশ নিয়েছিল সমাজের সর্বস্তরের মানুষ , নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সকলে। ছোট ছোট ছেলেমেয়েরা শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং মহিষাসুরের রূপে সেজে শোভাযাত্রাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। তাদের মুখে ছিল আত্মবিশ্বাস, আর চোখে ছিল নতুন সমাজ গড়ার স্বপ্ন।
শোভাযাত্রায় বাজনার তালে তালে ছন্দে মেতে ওঠে গোটা এলাকা। হাতে ছিল ব্যানার, যাতে ফুটে উঠছিল সমাজ সচেতন বার্তা – নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।
কল্যাণচক দক্ষিণ পাড়া বালক সংঘের এই মহালয়ার শোভাযাত্রা শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা ও সচেতনতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবেই রয়ে গেল সকলের মনে।
সংঘের এক সদস্য জানান, “পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা চেয়েছি এই দুর্গাপুজো শুধু আনন্দ নয়, সমাজ গঠনের বার্তাও দিক।তাই এই মহালয়ার দিনটিকে আমরা বেছে নিয়েছি। কারণ এই দিন থেকেই শুরু হয় দেবী দুর্গার আগমনের শুভ সূচনা।”
এমন মহতি উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে প্রেরণা হয়ে থাকবে।

