পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা,আরএনবি:- এসএসসি দুর্নীতি মামলায় ফের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে “সাত দিনের মধ্যে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। একজন দাগিও যদি পরীক্ষায় বসে, তবে সরাসরি সিবিআই তদন্ত হবে।”
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “মন্ত্রীদের প্রার্থীদের ঢোকাতে গিয়ে গোটা প্রক্রিয়া কালিমালিপ্ত হয়েছে। এর দায় রাজ্য, এসএসসি এবং পর্ষদের।” ডেডলাইন বেঁধে দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। ভাইপো জীবনকৃষ্ণকে হেফাজতে রেখেছে সিবিআই। একইসঙ্গে সিজিও কমপ্লেক্সে কলকাতা পৌরসভার কাউন্সিলর পিসিকে জিজ্ঞাসাবাদ করল ইডি।
অন্যদিকে রাজনৈতিক মঞ্চেও তীব্র তরজা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন “আপনার ছেলে ক্রিকেট বোর্ডের সভাপতি, এটা কি পরিবারতন্ত্র নয়?” পাল্টা সুরে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, “দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে সরকার। বিদায়ের দেরি আর নেই।”
এমন পরিস্থিতিতেই শুক্রবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তবে তার মধ্যেই নির্বিঘ্নে সম্পন্ন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। হাজিরা ছিল ৯৬ শতাংশ। প্রসঙ্গত, আগে পরীক্ষার তারিখ পিছনোর আবেদন জানিয়েছিলেন সংশ্লিষ্ট মহল। কিন্তু শেষমেশ পরীক্ষা ঠিক সময়েই হয়।
এদিকে নজর কেড়েছে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষের পদক্ষেপও। আগে যেখানে পরীক্ষা পিছোনোর দাবি তুলেছিলেন, শুক্রবার তিনি হাজির হলেন মমতা-অভিষেকের ছবি ছাপানো পাঞ্জাবি পরে।
সার্বিকভাবে, এসএসসি মামলায় শীর্ষ আদালতের কঠোর পর্যবেক্ষণ থেকে শুরু করে রাজনীতির ময়দান ও শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই সরগরম পরিস্থিতি।

