সায়ন্তন মন্ডল, নিজস্ব সংবাদদাতা, উদয়নারায়ণপুর; গত ২২ শে জুন পেঁড়ো তারামা উৎসব ভবনে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ আঞ্চলিক সংস্কৃতি পরিষদ (PASP)-এর উদ্বোধানুষ্ঠান। বৃষ্টি ভেজা একটি সকালে, সংস্কৃতির হাত ধরে সমাজ গঠনের লক্ষ্যে বাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন স্বপন কুমার নন্দী,চন্দ্রশেখর সাঁধুখা,পিনাকি রঞ্জন কাঁড়ার ও লিপা চৌধুরীর মতো বিশিষ্ট বক্তিবর্গরা। এরপর রিমেকের মেয়েদের সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা এনে দেয়। পশ্চিমবঙ্গ আঞ্চলিক সংস্কৃতি পরিষদ গঠন ও পরিচালনের দায়িত্বভার দৃঢ়তার সাথে কাঁধে তুলে নিয়েছিলেন রিমেকের কর্ণধার পূর্ণেন্দু চৌধুরী, ওইদিন অনুষ্ঠানে উনি আরো সহযোদ্ধাদের পাশে পেলেন বলাই বাহুল্য। PASP আসলে কি? এই সমন্ধে ওনার কাছে জানতে চাওয়া হলে উনি বলেন, “রাজনীতির আঙিনা থেকে হাজার মাইল দূরে,রিমেক মিডিয়া কাউন্সিলের সহযোগিতা ও ঐকান্তিক প্রয়াসে PASP গঠিত হয়েছে যার উদ্দেশ্য হলো সারা বাংলার উন্নত ও সহজাত সংস্কৃতির মননে মনন মেলানো। সংস্কৃতি ব্যবসা নয়,মনের মেলবন্ধন”,তাই কোনো দ্বিধা না করে,খোলা মনে পরিষদে যুক্ত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এরপর সঙ্গীত,নৃত্য,স্বরচিত কবিতা,আবৃত্তি ও শ্রুতিনাটকে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানপ্রাঙ্গন। পাশাপাশি প্রায় ৬০ জন সদস্যকে আজীবন সদস্যপদ কার্ড প্রদানের মাধ্যমে PASP পরিবারের সাথে যুক্ত করা হয়। এককথায় বাংলার আঞ্চলিক ভাষা,তথ্য ও সংস্কৃতির আদানপ্রদানের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ধুমধাম করে শুরু হলো পশ্চিমবঙ্গ আঞ্চলিক সংস্কৃতি পরিষদের পথচলা।

