সায়ন্তন মন্ডল, নিজস্ব সংবাদদাতা, কলকাতা; দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলা অশান্তির পর এলাকাবাসীর সাথে কথা বলতে চাইলে পুলিশের তরফে বাধাপ্রাপ্ত হন। বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য সরকারের যুক্তি খণ্ডন করে শুভেন্দুকে মহেশতলায় যাওয়ার অনুমতি দিলেন। তবে এর জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট।আদালত জানায়, শুভেন্দুর সঙ্গে সর্বাধিক দু’জন প্রতিনিধি যেতে পারবেন। কোনও রকম মিছিল বা জমায়েত করা যাবে না এবং যাতে এলাকায় উত্তেজনা বাড়ে এমন যেকোনও ধরনের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। মঙ্গলবার তাঁর সফর নির্ধারিত রয়েছে। শুনানির সময় শুভেন্দুর আইনজীবী সূর্যনীল দাস জানান, পুলিশ সুপারের কাছে সফরের জন্য অনুমতি চাওয়া হলেও তা নাকচ করা হয়েছিল। কারণ হিসেবে পুলিশ জানায়, ওই এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা সোমবার পর্যন্ত জারি রয়েছে। যদিও মঙ্গলবার সেই বিধিনিষেধ উঠবে, তারপরেও সফরের অনুমতি দেওয়া হয়নি।এ নিয়ে বিচারপতি রাজ্যের আইনজীবীদের প্রশ্ন করেন, যদি আদালত অনুমতি দেয়, তাহলে কীসের ভয়? পালটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, যেখানে গোলমাল হয়েছে, বিরোধী দলনেতা সেখানে কেন যেতে চাইছেন? তিনি চাইলে নিজেই চলে যেতে পারতেন, আদালতের অনুমতির কী দরকার ছিল? অন্যদিকে, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। যদিও শেষপর্যন্ত শর্তসাপেক্ষে শুভেন্দুকে সফরের অনুমতি দেয় হাইকোর্ট।

