নিজস্ব সংবাদদাতা, আরএনবি : কয়েকদিন আগে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত ছিলেন এক অস্থায়ী ট্রাফিক হোমগার্ড ও তার আত্মীয়রা।
এই ঘটনার তদন্তে সোমবার হাসপাতালে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। সকাল প্রায় ১১টার সময় তিনি হাসপাতালে পৌঁছন। তিনি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ঘটনার দিন কীভাবে ডাক্তার আক্রান্ত হয়েছিলেন, তা বিস্তারিতভাবে জানার চেষ্টা করেন।
অর্চনা মজুমদার হাসপাতালের নিরাপত্তা কর্মী, পুলিশ ও প্রশাসনের ভূমিকা সম্পর্কেও খোঁজ নেন। পরে তিনি হাসপাতালের এমএসভিপি, সুপার ও পুলিশ কর্তাদের নিয়ে একটি বৈঠক করেন।
তিনি অভিযোগ করেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি রয়েছে। বেসরকারি সংস্থার মাধ্যমে যেসব নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ অভিযুক্তদের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেন। তিনি আরও জানান, হাসপাতালে প্রায় ৫০ জন নিরাপত্তা কর্মী থাকলেও, ঘটনার সময় প্রয়োজনের তুলনায় অনেক কম কর্মী ডিউটিতে ছিলেন।
অর্চনা মজুমদার জানান, তিনি এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন জাতীয় মহিলা কমিশনের কাছে জমা দেবেন। তিনি অভিযোগ করেন, ‘ সর্ষের মধ্যেই ভূত আছে’।
সমগ্র বিষয়টি নিয়ে তিনি জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছে।

