নিজস্ব সংবাদদাতা, আরএনবি: রবিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ার পারপুর মোড়ের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সীমা দত্ত (৩৮)। মৃতার বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের বহুদাড়ি গ্রামে হলেও তিনি স্বামী ও মেয়েকে নিয়ে হাওড়ার লিলুয়ায় বসবাস করতেন।
জানা গেছে, রবিবার সকালে সীমা দেবীর স্বামী মাধব দত্ত স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরবাইকে চেপে লিলুয়া থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে উলুবেড়িয়ার পারপুর মোড়ের কাছে কোলাঘাটগামী একটি ডাম্পার হঠাৎই বাইকটিকে পিছন থেকে জোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় তিনজনই রাস্তার উপর ছিটকে পড়েন।
দুর্ভাগ্যবশত সীমা দেবীর মাথার উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাধব দত্ত ও তাদের কন্যাকে স্থানীয়রা উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ডাম্পারটি আটক করেছে, তবে চালক পলাতক। ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

