পূজা মাজী, হাওড়া :- আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আজ কলকাতায় সকাল থেকেই আকাশ মেঘলা। দক্ষিণের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে শহর এবং শহরতলির বিভিন্ন স্থানে। আজ দিনভরই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকতে পারে শহরজুড়ে।
আজ দক্ষিণবঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি নীচে।
আবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
এদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
এদিকে উত্তরবঙ্গে ৩০ জুলাই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। ৩১ জুলাই ভারী বৃষ্টি হতে পারে এই ৫ জেলায় । ১ অগস্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ২ অগস্ট ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি আছে কালিম্পং এবং দার্জিলিঙে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৩ এবং ৪ অগস্ট অতিভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি থাকবে। এই দু’দিন কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। কলকাতায় আগামী ৩০ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ৩১ জুলাই তা বেড়ে ৩২ ডিগ্রির ঘরে যেতে পারে, তারপর ১ অগস্টও কলকাতার সর্বোচ্চ পারদ ৩২ ডিগ্রির ঘরেই থাকতে পারে। এরপর ২ এবং ৩ অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ছুঁতে পারে।

