সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ইস্ট- ওয়েস্ট মেট্রো ও নোয়াপাড়া- বিমানবন্দর মেট্রো চালু হওয়ার পর থেকেই নর্থ- সাউথ রুটে যাত্রী চাপ আরও বেড়ে গেছে। এরই মধ্যে মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের অসন্তোষও বাড়ছে। বিশেষ করে সম্প্রতি কবি সুভাষ মেট্রো বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সোমবার সকালে অফিস টাইমে ফের বড়সড় বিভ্রাটের ঘটনা ঘটে। সকাল প্রায় ৮টার সময় কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মাঝে হঠাৎই একটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহে সমস্যার কারণেই ট্রেন থেমে যায় বলে জানা যায়। প্রায় ৮টা ৫৪ পর্যন্ত সেই ট্রেন মাঝপথে আটকে ছিল। যাত্রীদের অভিযোগ, সেই সময় ভেতরে এসি পর্যন্ত বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তি চরমে ওঠে।
অন্যদিকে অভিযোগের মাঝেই পরিসংখ্যান বলছে মেট্রোর যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের প্রথম ছ’দিনে গড়ে ৭ লাখ ৪৯ হাজার যাত্রী চড়েছেন। শুধু ১ ও ৪ সেপ্টেম্বর গ্রিন লাইনে ২ লাখের বেশি যাত্রী যাতায়াত করেছেন। ১ সেপ্টেম্বর মোট যাত্রী ছিল ৮ লাখ ৭ হাজার, আর ৪ সেপ্টেম্বর ৭ লাখ ৮৬ হাজার। অগস্টের শেষ সপ্তাহে (২৫ থেকে ৩১ অগস্ট) মোট যাত্রী সংখ্যা ছিল প্রায় ৪৯ লাখ ১৮ হাজার।
যাত্রী বেড়ে চললেও পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে অতিরিক্ত ভিড় ও বারবার প্রযুক্তিগত সমস্যায় যাত্রীরা সমস্যায় পড়ছেন। এ অবস্থায় মেট্রোর রেক বাড়ানোর দাবি জোরদার হচ্ছে।

