নিজস্ব সংবাদদাতা, আরএনবি:
জাতীয় মেলার স্বীকৃতি পাওয়ার আনন্দ বেশিদিন স্থায়ী হল না বাঁকুড়ার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলায়।মেলা শুরুর মাত্র পাঁচ দিনের মধ্যেই অশান্তির ছায়া পড়ল এই ঐতিহ্যবাহী আয়োজনে। জনপ্রিয় অভিনেতা জিৎ-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে হঠাৎই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে মেলাপ্রাঙ্গণে।নিয়ন্ত্রণহীন ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় মঞ্চে অভিনেতা জিৎ-এর অনুষ্ঠান শুরু হতেই দর্শকদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।ক্রমে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই গোটা মেলাপ্রাঙ্গণ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।প্রবল ভিড়ের চাপে মঞ্চের সামনে বসানো ব্যারিকেড ভেঙে পড়ে।
এই ঘটনার জেরে দর্শকদের একাংশের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। মেলার একাধিক স্টল ও পরিকাঠামোয় ক্ষয়ক্ষতির খবর মিলেছে।পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।দীর্ঘ সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য,মেলার মরশুমে এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মেলা চলছে।সদ্য জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা রাজ্যের অন্যতম গর্ব।এমন ঘটনার জেরে মেলার নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।প্রশাসনের তরফে আগামী দিনে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে।

