নিজস্ব সংবাদদাতা, আরএনবি: হাওড়া সদর ও গ্রামীণ এলাকায় আজ প্রকাশিত হয়েছে এসআইআর -এর খসড়া ভোটার তালিকা। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এই খসড়া তালিকায় লক্ষাধিক ভোটারের নাম বাদ পরেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী হাওড়া সদর ও গ্রামীণ মিলিয়ে সম্ভাব্য বাদ পড়া ভোটারের মোট সংখ্যা প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার ৩৪১ জন।
সবচেয়ে বেশি নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে দক্ষিণ হাওড়া, উত্তর হাওড়া, বালি ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রে। বিধানসভা ভিত্তিক খসড়া পরিসংখ্যান অনুযায়ী, উত্তর হাওড়ায় প্রায় ৬০ হাজার ৪৩৬ জন এবং হাওড়া দক্ষিণে প্রায় ৫৪ হাজার ৮৭৭ জন ভোটারের নাম বাদ পড়তে পারে। বালিতে এই সংখ্যা প্রায় ৩৯ হাজার ৫৯৪ এবং ডোমজুড়ে প্রায় ৩১ হাজার ৪০০।
এছাড়াও মধ্য হাওড়ায় ৪১ হাজার ৮৭৪, শিবপুরে ৩৩ হাজার ৬৮৬, সাঁকরাইলে ৩০ হাজার ২৭৮, উলুবেড়িয়া পূর্বে ২৫ হাজার ২৬০, জগৎবল্লভপুরে ২৪ হাজার ৩২৪ এবং পাঁচলায় ২২ হাজার ০৬৭ জন ভোটারের নাম খসড়া তালিকায় অনুপস্থিত থাকতে পারে। গ্রামীণ এলাকাগুলির মধ্যে আমতা, বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ এবং উদয়নারায়নপুরেও উল্লেখযোগ্য সংখ্যক নাম বাদ পড়ার সম্ভাবনার কথা উঠে এসেছে।
প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এটি এখনও চূড়ান্ত তালিকা নয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব ভোটারের নাম বাদ পড়েছে বা তথ্যগত ভুল রয়েছে বলে মনে হচ্ছে, তাঁরা প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে দাবি ও আপত্তি জানাতে পারবেন। তবে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার সম্ভাব্য খবরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ এবং তৎপরতা শুরু হয়েছে।

