নিজস্ব সংবাদদাতা, আরএনবি :
গতকাল, ২৯ অক্টোবর, হাওড়া জেলার উদয়নারায়নপুর ব্লকের অন্যতম প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান খিলা গোপী মোহন শিক্ষা সদন-এ অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। উৎসবমুখর পরিবেশে জমে উঠেছিল সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণ।
১৯৪৮ সালে স্বর্গীয় আলা মোহন দাস-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজও গর্বের সঙ্গে শিক্ষার আলো প্রসারিত করে চলেছে। স্বাধীনতার পর থেকেই এই প্রতিষ্ঠান শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে এসেছে।
বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা। যাঁদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হয়ে উঠেছিল আরো গৌরবময়।অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। এরপর একে একে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে এবং বিভিন্ন কার্যকলাপে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা পেয়েছে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রীদের পরিবেশনায় ছিল গান, আবৃত্তি, ও নাটিকা। বিশেষ আকর্ষণ ছিল সুকুমার রায়ের জনপ্রিয় কৌতুক নাটিকা ‘জুতা আবিষ্কার’, যা দর্শকদের মন জয় করে নেয়। উপস্থিত অতিথিদের বক্তব্যে উঠে আসে বিদ্যালয়ের ঐতিহ্য, সাফল্য এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা।
সারা দিনজুড়ে আনন্দ-উৎসবে ভরপুর ছিল খিলা গোপী মোহন শিক্ষা সদন। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখেন।তিনি বলেন“আমাদের ছাত্রছাত্রীদের সাফল্যই আমাদের আসল পুরস্কার। এই বিদ্যালয় আগামী দিনে আরও উজ্জ্বল হবে এবং সাফল্য অর্জন করবে, এই আমাদের প্রত্যাশা।”
সব মিলিয়ে বিদ্যালয়ের এই সাফল্যমণ্ডিত দিনটি সকলের মনে রেখে গেল গর্ব, আনন্দ এবং অনুপ্রেরণার ছাপ।যেটা আগামী প্রজন্মের কাছে পাথেয় এবং দৃষ্টান্ত হয়ে থাকবে।

