নিজস্ব সংবাদদাতা, আরএনবি :
আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। সেই সঙ্গে আজ থেকেই বুথ স্তরের আধিকারিকরা (বিএলও)হাতে ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন ভোটারদের তথ্য যাচাই করতে। আর এই দিনেই বড় মিছিলের পথে নামছে তৃণমূল কংগ্রেস।
কলকাতার এই মেগা মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালেই নিজের লেখা ও সুর করা একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা লিখেছেন,”মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা একটি গান শুনুন।”
গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর দেড়টার মধ্যে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের রেড রোডে ড.বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকে শুরু হবে তৃণমূলের মিছিল।
রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হয়ে মিছিল যাবে আর.আর.অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং,ভিক্টোরিয়া হাউজের পাশ হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে সরাসরি পৌঁছাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। সেখানে শেষ হবে মিছিল, এরপর সভা করবেন দলনেতারা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা ও আশপাশের জেলা থেকেই কর্মীরা মিছিলে যোগ দেবেন। দূরের জেলা থেকে কর্মীদের আসতে নিষেধ করা হয়েছে। তিনি আরও বলেন,
“একজন বৈধ ভোটারের নামও যদি তালিকা থেকে বাদ যায়,তাহলে দিল্লীতে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”
তৃণমূল নেতৃত্বের মতে, বিধানসভা ভোটের আগে কোনওভাবেই ভোটাধিকার হারাতে দেওয়া যাবে না। তাই আজকের এই মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করাই তাদের লক্ষ্য।

