নিজস্ব সংবাদদাতা, আরএনবি: শুক্রবার সন্ধ্যায় রানিহাটি মোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার জন্য রানিহাটি মোরের পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি লরি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেলে লরির একটি চাকা তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন, তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত পুলিশ ও সিভিল ভলান্টিয়াররা দ্রুত উদ্ধারকাজে নামেন। স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আহত ব্যক্তিকে সাহায্য করেন। পরবর্তীতে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মিলে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ লরিটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা জানান, রানিহাটি মোরে প্রতিনিয়ত দ্রুতগতির গাড়ি চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা প্রশাসনের কাছে ওই এলাকায় স্পিড ব্রেকার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

