পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: পশ্চিমবঙ্গের রাজনীতি ফের উত্তপ্ত। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়ে গেছে রাজ্যজুড়ে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত রচনা করছেন বিজেপি নেতা অর্জুন সিং। এই ইস্যুতে ইতিমধ্যেই একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অর্জুন সিং-এর নামে।
পার্থ ভৌমিকের ভাষায়, “এটা নিছক রাজনৈতিক প্রতিহিংসা নয়, এটা গণতন্ত্রের উপর আঘাত। নেপালের মতো গণঅভ্যুত্থান বাংলাতেও ঘটাতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁকে সরাতে চক্রান্ত চলছে- এটা আমরা কিছুতেই বরদাস্ত করবো না।”
এই অভিযোগের পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পার্থ ভৌমিকের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা দাবি করছেন, রাজনৈতিকভাবে হারাতে না পেরে এখন অপচেষ্টা চালাচ্ছে বিরোধীরা।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। অর্জুন সিং নিজে এই অভিযোগকে ‘রাজনৈতিক নাটক’ বলে ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য, “তৃণমূল সরকারের ব্যর্থতা ঢাকতেই এই ধরনের মনগড়া অভিযোগ তোলা হচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ জীবন কামনা করি।”
যদিও পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনও চূড়ান্ত প্রমাণ সামনে আসেনি। রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই ধরণের চাঞ্চল্যকর অভিযোগ নিঃসন্দেহে রাজ্যের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। সামনে পুরসভা ও লোকসভা ভোট- এই পরিস্থিতিতে এমন অভিযোগ রাজনীতির গতিপথ কতটা বদলাবে, সেটাই এখন দেখার।

