ডালিয়া বর, হাওড়া:- মধ্য কলকাতার রাজকুমার বসু লেনের কাছে মঙ্গলবার দুপুরবেলায় ভেঙে পড়ল একটি পরিত্যক্ত বাড়ি। এই ঘটনায় তিন জন শ্রমিক আহত, তাঁদের দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। দমকল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বাড়িটি সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে সেই কাজ ব্যাহত হচ্ছিল যার কারণে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে শহরের যে সকল পরিত্যক্ত বাড়ি আছে সেইগুলি ভেঙে পড়ছে।সোমবার রাতে জানবাজারে ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ। পুরসভা ওই বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে। এর পরে মঙ্গলবার ভোরে নারকেলডাঙার রাজেন্দ্রলাল স্ট্রিটে একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, বিকট শব্দে বাড়িটির একাংশ ভেঙে পড়ে। বাড়িটি ভাঙার কাজ চলছিল। বাড়িতে উপস্থিত ছিলেন কয়েক জন শ্রমিক। তাদের মধ্যে তিন জন গুরুতর আহত হয়েছেন।
জুন মাসেই কলকাতার শ্রীনাথ দাস লেনে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, অনেক বছরের পুরনো ওই বাড়িটিতে প্রায় ২০০ জন ভাড়া থাকতেন। রবিবার মেরামতির কাজ চলাকালীন তার মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির একাংশ। জখম হন এক শ্রমিক।

