পায়েল পাখিরা, হাওড়া:- বুধবার সকালে হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মারাত্মক পথ দুর্ঘটনা। সকাল প্রায় সাতটা নাগাদ, কলকাতা থেকে কোলাঘাটগামী একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাগনান লাইব্রেরির মোড়ে সিগন্যালের কাছে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের গায়ে ধাক্কা মারে। ঠিক তার পিছনেই আসা আরেকটি লড়িও সামনে দাঁড়ানো লড়িটিকে ধাক্কা দেয়।
এই ধাক্কাধাক্কিতে দুটি লড়িই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জন লড়ি চালকই আঘাত পেয়েছেন, তবে গুরুতর কিছু নয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাতসকালে অফিস টাইমে এমন দুর্ঘটনা যান চলাচলে বড়সড় প্রভাব ফেলে।
পরে বাগনান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানজট কমাতে ব্যবস্থা নেয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাস্তা ধীরে ধীরে স্বাভাবিক হয়। স্থানীয় মানুষজন জানান, এই এলাকায় সিগন্যালের আশপাশে প্রায়শই দুর্ঘটনা ঘটে, তাই আরও কড়া নজরদারি ও ট্রাফিক ব্যবস্থার দাবি উঠেছে।

