সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা,হাওড়া – বন্ধুদের মধ্যে চলা তুমুল ঝগড়া থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন রাজ্যের এক উদীয়মান ফুটবলার। মৃতের নাম সৌভিক দত্ত, স্থানীয়দের কাছে তিনি ‘সানু’ নামে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার রাতে লিলুয়া থানার অন্তর্গত পটুয়া পাড়ায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
প্রতিবছরের মতো এবারও পটুয়া পাড়ার একটি ক্লাবে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজোর পর স্থানীয় যুবকদের অংশগ্রহণে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানেই দুই যুবকের মধ্যে কোনো ব্যক্তিগত বিষয়ে তর্ক শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত বিবাদে পরিণত হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সৌভিক দত্ত। পাড়ার ছেলে হিসেবে তাঁর পরিচিতি ছিল একজন শান্ত, উদার ও মিশুক যুবক হিসেবে। দুই বন্ধুর মধ্যে হওয়া এই বিবাদ থামাতে তিনি এগিয়ে যান। তবে তিনিই যে এমন ভয়াবহ পরিণতির মুখোমুখি হবেন, তা কে জানত! অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে অমিত রায় চৌধুরী নামে এক যুবক পকেট থেকে ছুরি বের করে আচমকা সৌভিকের গলায় আঘাত করে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সানু।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সৌভিককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত অমিতকে দ্রুত গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত অমিত রায় চৌধুরী আগেও একাধিকবার বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছিলেন।
সৌভিক দত্ত পেশাদার ফুটবলার হিসেবে বেশ পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি রাজ্য পর্যায়ে বেশ কিছু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। সামনে একটি বড় ক্লাবের হয়ে খেলার সুযোগও ছিল তাঁর। এমন এক সম্ভাবনাময় তরুণ ফুটবলারের এভাবে অকালে চলে যাওয়া এলাকায় শোকের ছায়া ফেলেছে।
প্রয়াত সৌভিকের পরিবার, বন্ধু ও প্রতিবেশীরা এখনও শোকে স্তব্ধ। তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় শুধু একটি তরতাজা প্রাণ নয়, নষ্ট হল অনেক স্বপ্নও। ফুটবলপ্রেমীরা বলছেন, “এটা শুধু একটি খুন নয়, আমাদের ভবিষ্যতের একজন তারকাকে হারানো।

