পায়েল পাখিরা, নিজস্ব সংবাদদাতা, আরএনবি:– দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে জামা-কাপড় কেনাকাটা এক অবিচ্ছেদ্য অংশ। আগে পূজোর বাজার মানেই ছিল দোকান ঘুরে ঘুরে কেনাকাটা, নতুন জামা বেছে নেওয়ার আনন্দ। তবে সময়ের পরিবর্তনে এবং প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমানে অনলাইন কেনাকাটাই হয়ে উঠেছে অনেকের প্রথম পছন্দ।
বিশেষ করে শহরাঞ্চলে কর্মব্যস্ত মানুষেরা সময় বাঁচাতে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে কয়েক ক্লিকেই জামা-কাপড় কিনে নিচ্ছেন। হাজারো ডিজাইন, ব্র্যান্ড, রঙ, ও সাইজের মধ্যে থেকে পছন্দের পোশাক বেছে নেওয়া যাচ্ছে খুব সহজেই। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন শপে ছাড়, অফার এবং এক্সক্লুসিভ কালেকশন থাকায় মানুষের আগ্রহ আরও বেড়েছে।
সোশ্যাল মিডিয়া এবং ফ্যাশন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোও পূজোর আগে আগেই নতুন ট্রেন্ড ও কালেকশন প্রচার করে ক্রেতাদের আকৃষ্ট করছে। ফলে অনেকেই এখন দোকানে না গিয়ে অনলাইনে অর্ডার করেই পূজোর নতুন জামা জোগাড় করছেন।
তবে কিছু চ্যালেঞ্জও থেকে যায়। অনেক সময় ডেলিভেতে দেরি, সাইজ ঠিক না হওয়া বা মানে অসন্তুষ্টির কারণে সমস্যায় পড়তে হয়। তাছাড়া গ্রামাঞ্চলে ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহার সীমিত থাকায় এখনো অনেকে দোকান থেকেই কেনাকাটা করেন।
তবুও সামগ্রিকভাবে বলা যায়, দুর্গাপূজোর কেনাকাটায় অনলাইন মাধ্যম এখন এক গুরুত্বপূর্ণ এবং আধুনিক বিকল্প হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে এই ধারা আরও বিস্তৃত হবে বলেই ধারণা।

