সুইতা পাল, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আজ সাতসকালে পানাগড়ের রাজগম এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত ১ আহত ১ । প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্গাপুর থেকে আসা একটি মোটরবাইক অত্যন্ত দ্রুতগতিতে পানাগড়ের দিকে যাচ্ছিল। সেই সময় কাঁকসা বান্ডা এলাকার এক ব্যক্তি রাস্তাটি পায়ে হেঁটে পার হচ্ছিলেন। আচমকাই বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাইকচালকও গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। কাঁকসা ট্রাফিক পুলিশ ও কাঁকসা থানার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাইকচালককে উদ্ধার করে গৌরী দেবী হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার ফলে ১৯ নম্বর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ লাইনে আটকে পড়ে বহু গাড়ি। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মৃতদেহ সরিয়ে রাস্তায় স্বাভাবিক যান চলাচল শুরু করে।

