মিতা জানা, নিজস্ব সংবাদদাতা,আরএনবি : দুর্গা পূজো মানেই এক সময় ছিল ডি.জে মাইকের তুমুল দাপট। বিসর্জন হোক বা বিজয়ার আনন্দযাত্রা ,উচ্চ শব্দের মাইকে কানে তালা লাগা গান ছাড়া যেন পূজো পূর্ণ হত না। কিন্তু সময় বদলেছে। প্রশাসনের কড়া নিয়ম, শব্দ দূষণ নিয়ে সচেতনতা এবং পরিবেশবান্ধব উৎসবের ডাক, সব মিলিয়ে ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে ডি.জে মাইকের চাহিদা।
এবারের পূজোয় শহরের বহু মণ্ডপেই থাকছে না ডি.জে মাইক। পরিবর্তে ভরসা ঢাক, কাঁসর আর মন্ত্রোচ্চারণে। পুরোনো ঐতিহ্যের সেই সুরেই মাতোয়ারা হচ্ছে পূজোর রাতগুলি। স্থানীয়রা বাসিন্দাদের কথায়, “ডি.জে-র বেজে ওঠা কানে পীড়াদায়ক শব্দের থেকে ঢাকের ধ্বনি হাজার গুণ ভালো।” বিশেষত বৃদ্ধ, অসুস্থ মানুষ ও পড়ুয়াদের জন্য এই পরিবর্তন এক বড় স্বস্তি এনেছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ডেসিবেল কেবল মানুষ নয়, ক্ষতি করে পশুপাখি ও পরিবেশেরও। তাই ডি.জে ছাড়া পূজো মানেই সত্যিকারের আনন্দে মেতে ওঠা, যেখানে থাকবে না শব্দের বাড়াবাড়ি,আর অস্বস্তিকর পরিবেশ।
ফলে এবারের দুর্গোৎসব যেন ফিরে যাচ্ছে শিকড়ে, আলো ঝলমলে মণ্ডপ, দেবীর সৌন্দর্য আর ঢাকের বোলেই জমে উঠছে উৎসবের আসর।

