সুরোজ ছড়ি,নিজস্ব সংবাদদাতা,কলকাতা:ভারতের বিরুদ্ধে সামরিক সংঘাতের সময় শুধু পাকিস্তানই নয়, আরও দু’টি দেশ সক্রিয়ভাবে পাকিস্তানকে সহায়তা করছিল বলে জানালেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (ক্ষমতা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ। ফলে ভারতের জন্য প্রতিবন্ধকতা আরও বেড়ে গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-র এক সাম্প্রতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সীমান্ত একটাই, কিন্তু শত্রু ছিল তিনটি। ‘অপারেশন সিঁদুরে’-এর সময় একসঙ্গে তিন প্রতিপক্ষকে সামলাতে হয়েছে ভারতীয় সেনাকে। এই ঘটনাকে তিনি ভারতের কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতার এক উল্লেখযোগ্য প্রমাণ বলে ব্যাখ্যা করেন।
তিনি আরও জানান, পাকিস্তানের অভ্যন্তরে ৯টি জঙ্গিঘাঁটি চিহ্নিত করেছিল ভারতীয় সেনা। সেইসব লক্ষ্যবস্তুর উপর নির্ভুল হামলা চালানোর পরিকল্পনাও করা হয়েছিল। যদিও তিনি বাকি দুই শত্রু দেশের নাম উল্লেখ করেননি, সামরিক বিশেষজ্ঞদের মতে, এই দেশগুলি হতে পারে চিন এবং কোনও পশ্চিম এশীয় মদতদাতা শক্তি, যারা ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায়।
রাহুল আর সিংহ বলেন, “ভারত এখন বহুমুখী যুদ্ধক্ষেত্রে লড়ার জন্য প্রস্তুত। অপারেশন সিঁদুরে ছিল তারই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।”
এই মন্তব্যে দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই অবস্থান শুধু সীমান্ত নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের শক্ত অবস্থানের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

