বাবু হক, হাওড়া : হাওড়া গ্রামীণ জেলার আমতা থানার অন্তর্গত তাজপুর অঞ্চলে ‘তাজপুর নেহেরু স্মৃতি সংঘ’-এর আয়োজনে চলতি বছরে পালিত হতে চলেছে ছেচল্লিশ তম বর্ষের জগদ্ধাত্রী পুজো। পুজোকে ঘিরে এখন তাজপুর যেন আলোয়, আনন্দে ও ধর্মীয় আবহে এক অপার মিলনক্ষেত্র।
পুজো কমিটির সভাপতি শুভাশীষ পাল জানান, এবারের পুজোর প্রস্তুতি এক কথায় “তুঙ্গে”। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা, প্রতিমা নির্মাণ, সর্বত্রই চলছে ব্যাপক কর্মব্যস্ততা। পাশাপাশি পুজোর সঙ্গে জড়িয়ে থাকা নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ।
২৬ অক্টোবর আয়োজিত হবে এক রক্তদান শিবির, যেখানে আশেপাশের এলাকার স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবেন। ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে হরিনাম সংকীর্তন। ৩০ অক্টোবর থাকবে এক মনোমুগ্ধকর নরনারায়ণ সেবা ও বাউল সঙ্গীতের অনুষ্ঠান, যেখানে তুলে ধরা হবে মাটির টান ও মানবতাবোধ। ৩১ অক্টোবর আয়োজন করা হবে স্মরণীয় বিচিত্রানুষ্ঠান, যা স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশনায় সমৃদ্ধ হবে। ১ নভেম্বর, মহিলাদের সিঁদুর খেলার মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রতিমা বিসর্জন।
কমিটির সম্পাদক মলয় পাল, সুবীর চৌধুরী ও সোমনাথ রায় জানিয়েছেন, পুজোর সময়কাল জুড়ে বসবে বর্ণময় মেলা। হাজারো বিক্রেতা তাঁদের পসরা সাজিয়ে অপেক্ষা করবেন দর্শনার্থীদের জন্য।
বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও গৌরবান্বিত হবে বলে জানান পুজো উদ্যোক্তা তপন পাল।
পুজোর এই ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলা তাজপুরবাসীর কাছে এক অমলিন আবেগ ও ঐতিহ্যের নাম।

