পায়েল পাখিরা, হাওড়া:- দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষত দামোদর নদীর জলস্তর বিপজ্জনক হারে বৃদ্ধি পাওয়ায় বাঁকুড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানের নীচু এলাকাগুলি জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) অতিরিক্ত চাপ সামলাতে বাধ্য হয়ে জলাধার থেকে জল ছাড়ছে, যার ফলে নিম্নভাগে অবস্থিত গ্রাম ও শহরগুলিতে জল ঢোকার সম্ভাবনা বেড়েছে।
ইতিমধ্যেই হাওড়া ও হুগলির কিছু অংশে জল ঢুকে পড়েছে বলে জানা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা, কারণ এই সময়ে ধান রোপণের কাজ চলছে, আর বহু জমি জলের নিচে চলে গেছে। প্রশাসন সতর্কতা জারি করে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। নদী তীরবর্তী এলাকাবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

