নিজস্ব সংবাদদাতা, আরএনবি:
নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ ঐতিহ্যের এই পুজোর সমাপ্তি অনুষ্ঠানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যদিও সেটা কতখানি সত্য তা এখনও পর্যন্ত জানা যায়নি। ।সেই ভিডিওতে দেখা গেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে গালিগালাজ করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এ পোস্ট করে লিখেছেন,”কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় হিন্দুদের ওপর অন্যায় নির্যাতন চালিয়েছে পুলিশ।কোতোয়ালি থানার হাসির মুখের ভাষাই প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হিন্দুদের কী চোখে দেখে।” তিনি আরও লেখেন,”কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোয় নবমী থেকেই বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। বিসর্জনের সময় পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষের আবেগকে সম্মান না জানিয়ে বরং অতিরিক্ত বল প্রয়োগ করেছে পুলিশ। এটা এখন মমতা ও পুলিশের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে-হিন্দু উৎসবে অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন।”
এই প্রসঙ্গে শুভেন্দু আরো দাবি করেন,”পুলিশ সুপার অমরনাথ নাগরিক সুরক্ষার আশ্বাস দিলেও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। নিজের ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষকেই লাঠিপেটা করেছে পুলিশ। অমরনাথ ও অমলেন্দু বিশ্বাস-দুজনেরই আচরণ প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ।”
উল্লেখ্য কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। নববী থেকে বিসর্জন পর্যন্ত শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। কিন্তু বিসর্জনের রাতে লাঠিচার্জের অভিযোগে সেই আনন্দে ভাটা পড়েছে।উৎসবের শহর কৃষ্ণনগর এখন একটাই প্রশ্ন তুলেছে-কেন লাঠিচার্জ করা হলো ভক্তদের উপর?

