মিতা জানা , হাওড়া :- উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালে মৃত্যু হলো পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি।কারণ সেই সময় কর্তব্যরত চিকিৎসক আরামে ঘুমাচ্ছিলেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মীরাটের লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজে।ঘটনা জানাজানি হতেই ইমার্জেন্সির দুই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।গড় রোডের হাসানপুর কালার বাসিন্দা অশোক কুমার জানান, রবিবার রাতে তার ছেলে সুনীল কাছের একটি ধাবায় খেতে যাচ্ছিলেন। সেই সময় সিসাউলি গ্রামের কাছে একটি গাড়ি আচমকা তাকে পিছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় অবস্থায় তাকে লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১২ টা নাগাদ জরুরি বিভাগে অ্যাডমিট করা হয় সুনীলকে। রোগীর পরিবারের অভিযোগ, সেই সময় ওই বিভাগে উপস্থিত চিকিৎসকরা ঘুমাচ্ছিলেন। সুনীলের পরিবারের সদস্যরা বহুবার চিকিৎসককে জাগানোর চেষ্টা করেন। তাতে কোনো লাভ হয়নি। চিকিৎসক এবং কর্মীদের মধ্যে ঝামেলা শুরু হওয়ার ফলে ঘুম ভেঙে যায় চিকিৎসকের।সুনীলের পরিবারের দাবি ,যন্ত্রণায় ছটফট এবং শরীর থেকে রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও
কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত সোমবার সকালে মৃত্যু হয় সুনীলের।অন্যদিকে, রোগীর পরিবারের এক সদস্য হাসপাতালে চিকিৎসকের ঘুমানোর ভিডিও করেছিলেন। সেটা ভাইরাল হতেই বিক্ষোভে ফেটে পড়ে হাসপাতাল। গ্রামবাসী এবং সুনীলের পরিবার হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাসানপুর কালা গ্রামের প্রধান জানান যে ,তিনিও ওই একই ঘটনার সাক্ষী ।সুনীলের পরিবার জানিয়েছেন তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন বছর পাঁচেক আগে তার বিয়ে হয়। এই মর্মান্তিক ঘটনার কারণে কলেজের অধ্যক্ষ ডাঃ আরসি গুপ্তা অর্থোপেডিক্স বিভাগের ডাঃ অনিকেত এবং ডাঃ ভূপেশ কুমার রাইকে বরখাস্ত করেন। পাশাপাশি মেডিকেল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের জন্য তিনজন চিকিৎসকের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তারা এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেবে।

