পূজা মাজী, নিজস্ব সংবাদদাতা, আরএনবি: উদয়নারায়ণপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ বাইক আরোহী। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার গুটি সিংটি সুকান্তপার এলাকার বাসিন্দা বাইক আরোহীর নাম শুভ কোলে বয়স ২২-২৪ বছর বলে জানা গেছে, পিতা সুশান কোলে। শুক্রবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন শুভ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় সাড়ে দশটা নাগাদ উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন শুভ। সেই সময় হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরো ধাক্কা মারে বাইক আরোহী। ধাক্কার তীব্রতায় মুহূর্তেই বাইকটি উল্টে যায় এবং শুভ গুরুতরভাবে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় উদয়নারায়ণপুর প্রশাসনকে। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় শুভকে দ্রুত উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা চালালেও শেষপর্যন্ত চিকিৎসকরা শুভকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ধাক্কা এতটাই জোরাল ছিল যে শুভর মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এবং স্থানীয় বাসিন্দারা আক্ষেপ করে বলেন, যদি সে হেলমেট পরে বাইক চালাত, তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটলেও প্রাণ বাঁচানো সম্ভব হত।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক তরুণ প্রাণের অকালমৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমেছে। দুর্ঘটনা এড়ানো না গেলেও হেলমেট ব্যবহার অনেক সময় প্রাণ বাঁচাতে পারে। শুভর অকালমৃত্যু আবারও বাইক চালকদের জন্য সতর্কবার্তা হিসেবে সামনে আনল।

