নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের মোট ৮২২টি মেন ভেনু এবং ২১০৩টি সাব ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করছেন।
১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে তিন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তিন বিভাগের পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভিন্ন। কারণ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। ফলে পরীক্ষার ধরন ও মূল্যায়ন পদ্ধতিতে এসেছে পরিবর্তন। নতুন এই ব্যবস্থায় শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে, যা শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

