নিজস্ব সংবাদদাতা, আরএনবি: দীপাবলি বা কালীপুজো-আলোর উৎসব হিসেবে পরিচিত হলেও, সাম্প্রতিক সময়ে তা যেন রূপ নিচ্ছে এক ভয়াবহ শব্দ-উৎসবে। আতশবাজির রঙিন ঝলকানির মাঝেই মিশে থাকে কর্ণভেদী শব্দবাজির বিকট শব্দ, যা আনন্দের বদলে ছড়িয়ে দেয় আতঙ্ক। প্রশ্ন উঠছে-এই উৎসবের মূল আত্মা কি তবে শব্দেই হারিয়ে যাচ্ছে?
এই উৎকট শব্দদূষণে সবচেয়ে বেশি কষ্ট পায় পশুপাখিরা। বাড়ির পোষ্য কুকুর-বিড়াল থেকে শুরু করে রাস্তায় ঘুরে বেড়ানো সারমেয়রা চরম মানসিক চাপের মধ্যে পড়ে যায়। তারা কোথায় লুকাবে, কোথায় যাবে তা ভেবেই যেন দিশেহারা। বহু পোষ্য হৃদ্রোগে আক্রান্ত হচ্ছে, কিছুক্ষেত্রে মৃত্যুও ঘটছে। শুধু পোষ্যই নয়, উৎসবের এই শব্দসন্ত্রাসে কাঁপছে আকাশের পাখিরাও। আচমকা বিস্ফোরণের শব্দে তারা আকাশ থেকে পড়ে যাচ্ছে, দিকভ্রান্ত হয়ে ধাক্কা খাচ্ছে বাড়ির গায়ে বা বৈদ্যুতিক তারে।
তবে ভুক্তভোগীর তালিকা এখানেই থেমে নেই। সদ্যোজাত শিশু, হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ, রোগাক্রান্ত মানুষ সকলেই এই শব্দদূষণের ফলে ভীষণভাবে কষ্ট পান। এমনকি উদ্ভিদজগতও ক্ষতিগ্রস্ত হয় এই ধোঁয়ায় ভরা বায়ু ও পরিবেশদূষণের প্রভাবে।
উৎসব উদযাপন আনন্দেরই হওয়া উচিত। কিন্তু সেই আনন্দ যদি অন্য কারও প্রাণসংশয়ের কারণ হয়, তবে তা শুধুই নিষ্ঠুরতা। আলোর উৎসব হোক প্রকৃত আলোরই প্রতীক-শব্দের নয়। সচেতনতা ও সহানুভূতির মাধ্যমে গড়ে উঠুক একটি সুন্দর, মানবিক ও পরিবেশবান্ধব উৎসব সংস্কৃতি।

